31743

02/11/2026

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-11 16:55:30

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৪০ লাখ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে পুলিশের হাতে আটক হওয়ার ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে, উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ অর্থের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই; বরং এটি তাঁর বৈধ গার্মেন্টস ব্যবসার পাওনা টাকা। জুবায়ের আরও অভিযোগ করেন যে, একটি কুচক্রী মহল এই অর্থ উদ্ধারের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত লিপ্ত রয়েছে।

উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার রাতে সৈয়দপুর বিমানবন্দরে সন্দেহভাজন হিসেবে বেলাল উদ্দিনকে আটকের পর তাঁর ব্যাগ থেকে এই বিশাল অংকের টাকা উদ্ধার করা হয়, যা নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, জব্দকৃত অর্থের সঠিক পরিমাণ জানতে বর্তমানে ব্যাংক মেশিনের সাহায্যে তা গণনার কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃত বেলাল উদ্দিন পেশায় একজন কামিল মাদরাসার শিক্ষক এবং ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। নির্বাচনের ঠিক আগের দিন এই অর্থ আটকের ঘটনাটি পুলিশের পক্ষ থেকে গভীর নজরদারিতে রাখা হয়েছে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81