31910

02/19/2026

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-19 05:29:29

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে স্কুল গুলোতে ছুটি শুরু হচ্ছে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই এই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে।পরে মন্ত্রণালয় দু’টি এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

এদিকে, পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার থেকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) একদিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ২৯ মার্চ, রবিবার থেকে খুলবে কলেজগুলো।

পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে রোজার সময়ে তীব্র গরম, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এবং শিক্ষক-অভিভাবকদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এনিয়ে উচ্চ আদালতেরও কিছু নির্দেশনা ও দীর্ঘ পর্যালোচনার পর সরকার এই চূড়ান্ত ঘোষণা দিলো। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ অভিভাবক ও শিক্ষার্থীরা।

তারা মনে করছেন, রমজানের শুরু থেকেই ছুটি কার্যকর হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তিতে রোজা পালন করতে পারবে এবং যানজট নিরসনেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81