02/22/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-22 15:17:17
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানবিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী একে ইতিহাস ও ভাষাতত্ত্বের চরম অবমাননা হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে উল্লেখ করেন যে, মন্ত্রীর এই মন্তব্য কেবল অসঙ্গতই নয়, বরং এটি বাংলা ভাষার বহুমাত্রিক বিবর্তন এবং গণআকাঙ্ক্ষাকে অস্বীকার করার একটি হীন প্রচেষ্টা।
বিবৃতিতে বলা হয়, ‘ইনকিলাব’ শব্দটি আরবি হলেও এটি উপমহাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে উঠেছে; তাই কোনো শব্দের উৎস বিবেচনা করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী এবং এটি জাতির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টির নামান্তর।
জামায়াত নেতা আরও বলেন, মন্ত্রীর এই স্লোগানে ‘রক্তক্ষরণ’ হওয়া অত্যন্ত বিস্ময়কর, কারণ যখন দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়, তখন মন্ত্রীর হৃদয়ে কোনো রক্তক্ষরণ লক্ষ্য করা যায় না, যা মূলত জনগণের মৌলিক সমস্যার প্রতি তাঁর চরম উদাসীনতারই বহিঃপ্রকাশ।
জামায়াতে ইসলামী মনে করে, বাংলা ভাষা বিভিন্ন বিদেশি শব্দের সমন্বয়েই আজকের ঋদ্ধ রূপ পেয়েছে এবং শোষণ-অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের ভাষাকে রুদ্ধ করার পরিবর্তে সরকারের উচিত অবিলম্বে এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাহার করে জনদুর্ভোগ লাঘবে মনোযোগী হওয়া, অন্যথায় দেশবাসী এই ভাষাগত সংকীর্ণতার যোগ্য জবাব প্রদান করবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81