03/04/2026
শাহীন আবদুল বারী | Published: 2026-03-04 20:14:17
রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি রাস্তা নির্মাণকালে যথাযথ পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ উঠেছে। এর ফলে সড়কের মাটি ধসে পার্শ্ববর্তী দুটি পরিবারের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রায় তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরের দিকে ঝিলপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে রাজারবাগ কালীবাড়ি সংলগ্ন ১০২৩ হোল্ডিংয়ের ঝিলপাড় এলাকায় গিয়ে দেখা যায়, নির্মাণাধীন রাস্তার বিশাল একটি অংশ ধসে পড়েছে। ধসে যাওয়া স্থানে ওয়াসার পানির পাইপ থেকে অবিরাম পানি বের হতে দেখা যায়। স্থানীয় শ্রমিকরা আশপাশের লোকজনের সহায়তায় পানির লিকেজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। এই ধসের কারণে সড়কের ঠিক পাশে থাকা মৃত হাসমত উল্লাহর ওয়ারিশদের বসতবাড়ির ভিত্তি নড়বড়ে হয়ে গেছে এবং ঘরের একাংশ ঝিলে নিচে দেবে গেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মৃত হাসমত উল্লাহর কন্যা তাহেরা আক্তার (৪২) জানান, তারা দীর্ঘকাল ধরে এই ঝিলপাড় এলাকায় পৈতৃক বাড়িতে বসবাস করছেন। আগে এখানে একটি সরু রাস্তা ছিল। সিটি কর্পোরেশন সেই রাস্তাটি বড় করার উদ্যোগ নিলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বা 'পাইলিং' পদ্ধতি অনুসরণ না করে নির্মান কাজের মাটি ভরাট চালিয়েছে।
তাহেরা আক্তার অভিযোগ করে বলেন, "সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে বুধবার দুপুরে হঠাৎ করেই রাস্তাটি ধসে পড়ে আমাদের ৪ বোন ও ৩ ভাইয়ের পৈতৃক বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়।"
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় থাকা এই পরিবারটি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের জরুরি হস্তক্ষেপ এবং ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন।
ওয়াসাকে দায়ী করছে সিটি কর্পোরেশন
এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, "সড়কটির মাটি ধসে যাওয়ার মূল কারণ ওয়াসা লাইনের লিকেজ। লিকেজ থেকে পানি বের হয়ে মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে।"
তিনি আরও জানান, ইতিমধ্যেই ওয়াসাকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা মেরামতের কাজ করছে।
সিটি কর্পোরেশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই আর্থিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য ওয়াসাকে দায়বদ্ধ করে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে।
এর আগে রাস্তার কাজে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্তারিত তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রদান করবেন। অন্যদিকে, প্রকৃত কারণ জানতে ওয়াসার সাইট ইঞ্জিনিয়ার ও উপ-সহকারী প্রকৌশলী ইকবাল মোল্লাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা বা ড্রেনেজ ব্যবস্থার মতো জনগুরুত্বপূর্ণ কাজ করার সময় সংস্থাগুলোর মধ্যে চরম সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। অপরিকল্পিত খননের কারণেই আজ দুটি পরিবারের ঘরবাড়ি হুমকির মুখে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা করছেন বাসাবোবাসী।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81