02/13/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-13 14:48:24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি আসনের বেসরকারি ফলাফলে মাদারীপুর-৩ ও মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন।
মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাত একটার দিকে এই ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন হানজালা ৩৮৫ ভোটে হারিয়েছেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে।
সাইদ উদ্দিন হানজালা ভোট পেয়েছেন ৬৪ হাজার ৯০৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকে ১৫,২৬৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন বিএনপির প্রার্থী জাহানদার আলী।
বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
মাদারীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীকে ১১,৫৪২ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।
এই আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন তালুকদার 'ধানের শীষ প্রতীক' নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন।
মাদারীপুরের ৩টি আসনেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81