02/21/2026
নিজস্ব প্রতিবেদক | Published: 2026-02-21 02:22:09
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম শ্রদ্ধা নিবেদন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া ১১ দলীয় জামায়াত জোটের শীর্ষ নেতারাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
আরও পড়ুন: শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান
তবে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে একদল যুবক ও জামায়াত কর্মীদের পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হট্টগোল শুরু হলে এনসিপির নেতারা দ্রুত আমিরের গাড়ির কাছে ফিরে আসেন।
এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন। পরে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন বং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
এর আগে, রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একে একে মন্ত্রিপরিষদের সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন: একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এর আগে, রাত ১২টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে তাকেও স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
রাত ১২টা ৮ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করার পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীসহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ।
মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভার সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81