32224

03/12/2026

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-03-12 15:27:03

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ‘আঃ সাহিদ সুপার ভিউ’ নামের একটি ভবনের সামনের খুঁটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের ফুলকি ভবনটির কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়লে রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭) দগ্ধ হন। তাঁদের মাওনা চৌরাস্তার স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিমের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বিকট শব্দে বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে আরও বেশ কয়েকজন পথচারী ও ক্রেতা আহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণে শ্রীপুর-মাওনা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ব্যবসায়ীরা জানান, সাততলা এই ভবনটিতে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গুদামের পাশাপাশি আবাসিক ফ্ল্যাটও রয়েছে। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ হিসেবে ট্রান্সফরমার বিস্ফোরণকে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81