32485

04/11/2026

হালখাতা: ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা

নেহাল আহমেদ | Published: 2026-04-10 23:26:19

বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন বাঙালির প্রাচীনতম ঐতিহ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশে এই নববর্ষ উদযাপন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। আবহমানকাল ধরে বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে বর্ষবরণের উৎসব।

বাংলার কৃষিভিত্তিক গ্রামীণ সমাজে নতুন ফসলকে কেন্দ্র করে যে উৎসবের সূচনা, কালক্রমে সেটাই পরিণত হয়েছে নববর্ষ বরণ উৎসবে। শতাব্দীর পর শতাব্দী পার হয়েছে, বহুবার বদল হয়েছে শাসকের, কিন্তু বৈশাখ চিরন্তন উৎসবের রূপে জড়িয়ে রেখেছে বাংলার জনপদকে।

বাংলা নববর্ষের সঙ্গে জড়িয়ে থাকা অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো হালখাতা। এটি কেবল একটি হিসাব-নিকাশের প্রথা নয়, বরং বাঙালির অর্থনৈতিক জীবন, সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক চর্চার এক জীবন্ত প্রতিচ্ছবি। সময়ের পরিবর্তনে এর জৌলুশ অনেকটাই ম্লান হলেও, হালখাতা এখনো আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে।

হালখাতার ইতিহাস গভীরভাবে যুক্ত কৃষিনির্ভর সমাজব্যবস্থার সঙ্গে। ‘হাল’ শব্দটি সংস্কৃত ভাষায় লাঙল এবং ফারসি ভাষায় ‘নতুন’ অর্থে ব্যবহৃত হয়। কৃষিকাজ শুরু হওয়ার পর উৎপাদিত পণ্যের হিসাব রাখার জন্য একটি বিশেষ খাতা ব্যবহৃত হতো, যা ধীরে ধীরে ‘হালখাতা’ নামে পরিচিতি পায়।

বাংলা সনের সূচনার ইতিহাস ঘিরে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের প্রবন্ধ, প্রখ্যাত অর্থনীতিবিদ ও গবেষক ড. অমর্ত্য সেনের অভিমত, মোবারক হোসেনের সম্পাদনায় বাংলা একাডেমি প্রকাশিত ‘বাংলাদেশে উৎসব, নববর্ষ’, সাদ উর রহমানের ‘উৎসবের ঢাকা’ বই এবং ঢাকা কেন্দ্রের তথ্য অনুসারে, এই প্রথার বিকাশ ঘটে মোগল সম্রাট আকবরের শাসনামলে। তিনি ১৫৮৪ সালে বাংলা সন চালু করেন, যাতে কৃষকদের সুবিধামতো খাজনা আদায় করা যায়। পূর্বে হিজরি সাল অনুযায়ী কর আদায় করা হতো, যা চন্দ্র বছরের সঙ্গে যুক্ত থাকায় কৃষি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে কৃষকদের সমস্যার সমাধানে বাংলা সনের প্রবর্তন করা হয়।

এই নতুন বর্ষপঞ্জির সঙ্গে যুক্ত হয় হালখাতার প্রথা—পুরোনো হিসাব চুকিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা খোলার এক প্রতীকী সূচনা। এর আগে পয়লা বৈশাখে নবাব ও জমিদারেরা পুণ্যাহ উৎসব পালন করতেন। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান তথা সমগ্র বাঙালি জাতি অর্থনৈতিক এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে।

কালের বিবর্তনে নববর্ষের সঙ্গে সম্পর্কিত অনেক পুরানো উৎসবের বিলুপ্তি যেমন ঘটেছে, তেমনি আবার সংযোগ ঘটেছে অনেক নতুন উৎসবের। সর্বোপরি, চারিদিকে প্রযুক্তির ছোঁয়া, যোগাযোগ পদ্ধতিতে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার সজহলভ্য হওয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগাযোগ সম্পর্কেও এসেছে ভিন্ন মাত্রা।

এই কারণে আগের দিনের হালখাতা উপলক্ষ্যে যে রঙিন কার্ড ছাপানো হত, তা এখন আর তেমন দেখা যায় না। মোবাইল ফোনের মাধ্যমে ক্ষুদে বার্তায় জানিয়ে দেওয়া হচ্ছে পুরনো হিসাবের তথ্য। নানা কারণে হালখাতার প্রচলন উঠে যাচ্ছে ধীরে ধীরে।

হালখাতার সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য

অতীতে কৃষকরা সারা বছর বাকিতে পণ্য ক্রয় করতেন এবং ফসল বিক্রির পর নববর্ষে সেই বকেয়া পরিশোধ করতেন। ব্যবসায়ীরা এই দিন নতুন হিসাবের খাতা খুলতেন এবং পুরোনো খাতা বন্ধ করতেন।

এদিন ব্যবসায়ীরা লাল মলাটের নতুন খাতায় নতুন বছরের হিসেব শুরু করেন। বিশেষ করে তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ, বছরের প্রথম দিনটিতে ব্যবসায়ী-ক্রেতাদের মধ্যে দেনা-পাওনার হিসেব হয়। এইদিনে ছোট ব্যবসায়ীরা মহাজনদের পাওনা পরিশোধ করেন। দুইপক্ষের মধ্যে বিশ্বাস, আস্থা ও গভীর সম্পর্কের মূল ভিত্তি এই হালখাতা।

হালখাতার দিনটি শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল এক ধরনের সামাজিক উৎসব। এইদিনে ব্যবসায়ীরা তাদের দোকান সাজাতেন রঙিন কাগজে।
গ্রাহকদের মিষ্টিমুখ করানো হতো এবং উপহার দেওয়া হতো। গল্প আর আড্ডায় সবার মাঝে গড়ে উঠতো এক আন্তরিক সম্পর্ক। এভাবে হালখাতা ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করতো।

ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষঙ্গ

হালখাতার সঙ্গে ধর্মীয় আচারও জড়িয়ে আছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। নতুন খাতা খোলার আগে লক্ষ্মী-গণেশের পূজা করা হতো। খাতায় স্বস্তিক চিহ্ন আঁকা, সিঁদুরের ছাপ দেওয়া এবং মন্দিরে পূজা দেওয়ার মাধ্যমে ব্যবসায় শুভ সূচনা কামনা করা হতো।
এই প্রথা বাঙালির ধর্মীয় বিশ্বাস ও অর্থনৈতিক জীবনে একটি মেলবন্ধন তৈরি করেছিল।

বর্তমান প্রেক্ষাপট: ঐতিহ্যের অবক্ষয়

আধুনিক প্রযুক্তি, ব্যাংকিং ব্যবস্থা এবং নগদ অর্থের সহজলভ্যতা হালখাতার প্রয়োজনীয়তা অনেকটাই কমিয়ে দিয়েছে। এখন মানুষ আগের মতো বাকিতে কেনাকাটা করে না, ফলে বছরের শেষে বড় অঙ্কের বকেয়া পরিশোধের প্রয়োজনও কমেছে।

নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এই প্রথার প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে হালখাতা আজ আর আগের মতো জাঁকজমকপূর্ণ নয়; বরং সীমিত আকারে টিকে আছে।
কোথায় এখনো টিকে আছে হালখাতা

কোনো কোনো এলাকার পুরোনো ব্যবসায়ীরা এখনো নিয়ম করে হালখাতা পালন করেন। যদিও তারা সবাই একই দিনে নয়, বরং সুবিধামতো আলাদা আলাদা দিনে এই অনুষ্ঠান আয়োজন করে থাকেন। 

প্রযুক্তির ভীড়ে বিলীন হালখাতার জৌলুস

আধুনিক প্রযুক্তির ব্যবহার হাতে লেখা খাতা থেকে অনেককে নিষ্কৃতি দিয়েছে। ১০/১৫ বছর আগেও আড়ৎ ও দোকানগুলোতে হালখাতার যে জাঁকজমক অনুষ্ঠান দেখা যেত, তা এখন আর নেই। আগে ব্যবসায়ীরা মুখের কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকা বাকি দিতেন। তার বেশিরভাগই উসুল হতো হালখাতার দিনে।

এখন অনেকেই ব্যবসায়িক লেনদেন ব্যাংকের মাধ্যমে চুকিয়ে নেন। প্রযুক্তির ছোঁয়ায় পাল্টে গেছে আয়োজনের ধরণ। সেই দিন আর নেই। নেই সেই হালখাতা উৎসবও। অথচ সার্বজনীন উৎসব হিসেবে ‘হালখাতা’ ছিল বাংলা নববর্ষের প্রাণ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যর এই প্রাণের হালখাতা উৎসব যেন আজ আধুনিক যুগের অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তথ্যপ্রযুক্তির পৃথিবীর কাছে ধোপে টিকতে পারছে না।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এই প্রতিবেদককে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মধ্যপ্রাচ্যে চলমান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব কিছু মিলে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। জনগণ এখন খেয়ে পরে বাঁচার চিন্তা করছে। কোনও উৎসব নিয়ে যে বিলাসিতা করবে সেই সুযোগ নেই।

তবে, হালখাতা শুধু একটি ব্যবসায়িক প্রথা নয়; এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। আধুনিকতার চাপে এর গুরুত্ব কমে গেলেও, এর ভেতরে লুকিয়ে আছে অতীতের স্মৃতি ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত।

এই ঐতিহ্য টিকিয়ে রাখা শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে পরিচিত করানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়েও হালখাতার সাংস্কৃতিক মূল্য সংরক্ষণ করা দরকার।

ইংরেজি বছরের মতো নতুন করে পহেলা বৈশাখ প্রত্যেক বছরই আসে! এসেছে এবারও ঘুরে ফিরে কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে, ফিরে এসেছে কোটি কোটি বাঙালির হৃদয়ে নতুন করে সেই দিনপঞ্জিকাটিতে। পহেলা বৈশাখের প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হোক নববর্ষের উৎসব।

লেখক একজন বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81