32721

04/22/2026

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নেহাল আহমেদ, রাজবাড়ী | Published: 2026-04-22 01:01:02

রাজবাড়ীতে নতুন যোগদান করা জেলা প্রশাসক আফরোজা পারভীন দায়িত্ব গ্রহণের পরই স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি জেলার উন্নয়নে স্বাস্থ্য ও সুশাসন খাতে কাজের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ইতিহাস, ঐতিহ্য নিয়ে একটি ডকুমেন্টরি উপস্থাপন করেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, রাজবাড়ীতে স্বাস্থ্য ও সুশাসন নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, রাজবাড়ী একটি কৃষি প্রধান সম্ভাবনাময় জেলা। এখানকার মানুষ সহজ সরল এবং শান্তিপ্রিয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন জেলা প্রশাসক।

সভায় বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, বাসসের রাজবাড়ী প্রতিনিধি মোশারফর হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ প্রমুখ।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81