February 17, 2026, 7:36 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-17 17:45:07 BdST

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নাহিদ-হাসনাতরা


সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বিজয়ী ছয়জন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের শপথ পাঠ করাচ্ছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে সিইসির কাছে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী দলের সদস্যরা। যদিও বিএনপি সংবিধান সংস্কারের শপথ করেননি।

এরপরই জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে আসতে শুরু করেন জামায়াতে ইসলামীর নেতারা। পরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের নির্বাচনে জয়ী অন্য নেতারা শপথ নেন।

এরপর, তৃতীয় ধাপে শপথ গ্রহণ করতে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এ সময় নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

সংবিধান অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যের শপথ পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল মতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে ২০৯টি আসনে জয় পায় বিএনপি। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে। এনসিপি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.