February 18, 2026, 6:55 am


কূটনৈতিক প্রতিবেদক

Published:
2026-02-18 04:06:29 BdST

দুই দিনের বিশেষ সফরঢাকায় আসছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে দেশটির প্রভাবশালী ব্যক্তি বিলাল এরদোয়ান দুই দিনের সফরে ঢাকায় আসছেন। নির্ভরযোগ্য একটি সূত্র থেকে পাওয়া তথ্যে এই বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।

এই সফরে বিলাল এরদোয়ান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করে তুলবে বলে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সকাল ৯টায় ব্যক্তিগত বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এসময় তার সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেনও ঢাকায় আসবেন। পরে পাসপোর্ট ও কাস্টমস প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টায় স্থানীয় একটি হোটেলে উঠবেন তারা।

প্রথম দিনের কর্মসূচিতে, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সদস্যরা ঢাকা প্রকল্প সমন্বয় অফিস পরিদর্শন করবেন। এরপর তারা তুরস্ক দূতাবাস পরিদর্শন করবেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সংস্কার, চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সরবরাহ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও যুক্ত হবেন তিনি।

উল্লেখ্য, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা তুরস্ক সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা প্রকল্প পরিচালনা করে।

বাংলাদেশে এই সংস্থাটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলা প্রকল্প চালিয়ে আসছে।

তবে, বিলাল এরদোয়ানের এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই সাক্ষাতে দুই দেশের মধ্যকার সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, শিক্ষা-স্বাস্থ্য খাতে সহায়তা এবং ভবিষ্যৎ যৌথ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিন সন্ধ্যায় তুরস্ক দূতাবাসে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানেও অংশ নেবেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে।

প্রথম দিনের কার্যক্রম শেষে সফরের দ্বিতীয় দিন বিলাল এরদোয়ান সকালে হোটেল থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখান থেকে বিশেষ বিমানে করে তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া ক্যাম্প ৯-এ তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন, ক্যাম্প ১৬-এ তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার বহুমুখী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন, ক্যাম্প ৪-এ তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার আয়োজিত ৩য় রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ক্যাম্প ৫-এ তুর্কি ধর্মীয় বিষয়ক ফাউন্ডেশনের এল শিফা মডেল গার্লস স্কুল পরিদর্শন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান দেশটির জ্ঞান প্রচার ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে যুক্ত রয়েছেন। তিনি শিক্ষা, যুব উন্নয়ন এবং মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।

এই সফর রোহিঙ্গা সংকটে তুরস্কের অব্যাহত মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখবে। এছাড়া নতুন সরকারের সঙ্গে তুরস্কের সম্পর্ককে আরও মসৃণ করবে বলে আশাবাদী কূটনৈতিক মহল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.