March 3, 2026, 4:56 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-03-03 14:57:28 BdST

বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহজাহান চৌধুরী


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানকে বাংলাদেশের একজন অত্যন্ত যোগ্য ও উপযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

 

রোববার (১ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী তাঁর ভাষণে উল্লেখ করেন যে, অসংখ্য ঘাত-প্রতিঘাত, জুলুম ও জুলাই আন্দোলনের বীর শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে যে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, সেই সরকারকে সফল করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিরোধী দল থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

 

একই সঙ্গে তিনি চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে একে একটি আধুনিক ‘দ্বিতীয় সিঙ্গাপুর’ হিসেবে রূপান্তর করার লক্ষে চট্টগ্রামের ১৬ জন সংসদ সদস্যকে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিন ও ইরানে চলমান হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাহকে সোচ্চার হওয়ার ডাক দেন এবং নিহতদের জন্য জান্নাত কামনা করেন।

 

চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.