নিজস্ব প্রতিবেদক
Published:2026-02-04 16:07:41 BdST
অ্যাকাউন্ট হ্যাক হয়নি, তারা জলজ্যান্ত মিথ্যা কথা বলছে: তারেক রহমান
জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নারীদের নিয়ে আপত্তিকর কথা বলার পর যখন তারা দেখলো বাংলাদেশের সব মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, তখন তারা বললো তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখেছি, বিশেষজ্ঞরা বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। কারণ, সেই বক্তব্য দেওয়ার পরও তারা অনেক বক্তব্য দিয়েছে। অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তাহলে কী দাঁড়ালো, তারা সমগ্র জাতির সামনে জলজ্যান্ত মিথ্যা কথা বলছে।’
যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতকে উদ্দেশ্য করে তারেক রহমান সামবেশে বলেন, ‘আমরা কষ্টের সঙ্গে খেয়াল করলাম, একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে এ দেশের অর্ধেক জনগোষ্ঠী, অর্থাৎ নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। উঠেপড়ে লাগলো, কীভাবে মা ও বোনদের ঘরের ভেতরে আটকে রাখা যায়। বিএনপির যেখানে পরিকল্পনা, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অর্ধেক জনগোষ্ঠী নারীদের পেছনে রেখে সেটা সম্ভব না। কারণ, দেশকে গড়তে হলে নারী-পুরুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
‘কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে দেখলাম, একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বললো নারীদের তারা কোন দৃষ্টিতে দেখে। শুধু তাই নয়, আমরা দেখলাম, বাংলাদেশের যে নারীরা কর্মজীবী, সংসার চালানোর জন্য যে লক্ষ-কোটি মা-বোনেরা বিভিন্ন জায়গায় কর্মে নিযুক্ত আছেন, তাদের উদ্দেশে কী ভাষা ব্যবহার করে কথা বলেছে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নারীদের শিক্ষিত করে তুলতে বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘বিগত সরকারের মতো আমি-ড্যামি রাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ যদি কোনও সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।’
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা উলাশি খালসহ এ অঞ্চলের খাল-বিল পুনর্খনন করা হবে। জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে।’
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
