গুজব নয়, অনুসন্ধানী সাংবাদিকতায় ‘খবরের ভেতরের খবর’ তুলে ধরার আহ্বান তথ্যসচিবের
রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এঈ আহ্বান জানান
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের আরও বেশি অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এঈ আহ্বান জানান।
মাহবুবা ফারজানা বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের বিস্তার ঘটছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে প্রকৃত তথ্য অনুসন্ধান করে মানুষের সামনে তুলে ধরা। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘খবরের ভেতরের খবর’ বের করে আনার চর্চা আরও বাড়ানো প্রয়োজন।
সাংবাদিকতাকে একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যারা এই পেশাকে বেছে নিয়েছেন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের প্রতি আরও সহায়ক মনোভাব দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাংবাদিকদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সচিব।
তরুণদের সাংবাদিকতা পেশায় আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের সবসময় তথ্য যাচাই করে সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে তথ্যসচিব আরও দাবি করেন, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত কিছু প্রতিবেদন অপতথ্য ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোনো বিষয়ে সংশয় থাকলে বা তথ্য নিয়ে প্রশ্ন তৈরি হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করার পর সংবাদ প্রকাশ করা উচিত। সংবাদ সংগ্রহে কোনো ধরনের সমস্যা হলে সরাসরি তার সঙ্গে বা সাংবাদিক নেতাদের সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
Shamiur Rahman
