বুধবার বিকেলের মধ্যে মেডিকেল বোর্ডের রিপোর্ট চেয়েছে আদালত
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি তা জানাতে আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে
এফটি বাংলা
উত্তাপ উত্তেজনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই আবেদনের বিরোধীতা করে অ্যার্টনি জেনারেল বলেছেন যে, এই আবেদন অকার্যকর। কারণ ইতিমধ্যে আপিল বিভাগ জামিনের আবেদন বাতিল করে দিয়েছেন।
কিন্তু বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন যে, এই প্রেক্ষাপট ভিন্ন। এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এই সময় আদালত জানতে চান যে, আপিল বিভাগে যে বলা হয়েছিল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দেওয়ার কথা। তার কি অবস্থা? এর জবাবে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন যে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার সম্মতি দিয়েছেন। কিন্তু ওই চিকিৎসায় তার কোন লাভ হচ্ছে না।
অ্যাটর্নি জেনারেল এর তীব্র বিরোধীতা করেন। তিনি বলেন যে, উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়া সম্মতি দিচ্ছেন না।
এই অবস্থায় খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি তা জানাতে আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, দুপুর ২টায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়। শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের একমাত্র গ্রাউন্ড হলো খালেদা জিয়া খুবই অসুস্থ। তার এ অবস্থায় আমরা জামিন প্রার্থনা করছি।’
এদিন সকালে মামলাটি কার্যতালিকায় এক নম্বরে থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়।
Shamiur Rahman
