জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে অংশ নেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সদস্যরা।
প্রথম জামাতে আরও অংশ নেন দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, বিচারপতি, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন মুসল্লিরা।
নামাজ শেষে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, সাধারণ জনগনের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এর আগে, দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবার ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে ছিল ১২১টি কাতারের ব্যবস্থা। যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ছিল আলাদা কাতার। সেখানে নামাজ আদায় করেন প্রায় ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ছিল প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে তিন হাজার নারীর জায়গা।
ঈদ জামাতকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা, ৮টা ও ৯টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার তিনটি পৃথক জামাত। এছাড়া সকাল ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে আরও দুটি জামাত।
Shamiur Rahman
