৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

Published: 11 February 2026 15:02

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে প্লে-অফ মাতিয়েছেন। গত পিএসএলে লাহোরের শিরোপা জয়ে অবদান রাখা রিশাদ হোসেন এবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে প্লে-অফ মাতিয়েছেন। গত পিএসএলে লাহোরের শিরোপা জয়ে অবদান রাখা রিশাদ হোসেন এবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। ২০২৬ সালের এই আসরে ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি।

করাচির এক্সপো সেন্টারে অনুষ্ঠিত ঐতিহাসিক নিলামে বাংলাদেশি এই লেগ স্পিনারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। তার সাবেক দল লাহোর কালান্দার্স আগ্রহ না দেখালেও রিশাদকে পেতে লড়াই চলে করাচি কিংস ও রাওয়ালপিন্ডির মধ্যে। শেষ পর্যন্ত ৩ কোটি রুপির বিডে জয়ী হয় রাওয়ালপিন্ডি।

এর আগে ৬ কোটি ৪৪ লাখ রূপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। তবে নিলামে অবিক্রিত থেকে গেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে তার নাম তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

পিএসএলের ১১ বছরের ইতিহাসে এবারই প্রথম ড্রাফটের বদলে নিলাম পদ্ধতিতে দল গঠন করা হচ্ছে। ২০১৬ সাল থেকে ড্রাফট চললেও লিগ সম্প্রসারণের পরিকল্পনায় এবার পরিবর্তন এনেছে পিসিবি। শিয়ালকোট স্ট্যালিয়নস ও হায়দরাবাদ হাউস্টন কিংসুৃমেন নামে নতুন দল যুক্ত হওয়ায় মোট ৮ দলের লড়াই হবে এবার।

নিলামের জন্য ৮৭৯ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। প্রতিটি দলের জন্য সর্বোচ্চ বাজেট ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে চলছে জমজমাট বিডিং।

Shamiur Rahman

Please share your comment:

Related