‘তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে’

Published: 05 February 2026 15:02

ডা. শফিকুর রহমান বলেছেন, “সেই তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে।”

 

তরুণ সমাজ বেকার ভাতার দাবিতে নয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলনে নেমেছিল—এ কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সেই তরুণদের হাতে অপমানের বেকার ভাতা নয়, সম্মানের কাজ তুলে দেয়া হবে।” তিনি বলেন, আগামীর বাংলাদেশ পরিচালনায় তরুণরাই নেতৃত্ব দেবে, আর প্রবীণরা পেছন থেকে তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দেবেন. বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের নওয়াবপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ যে পরিবর্তন চায়, তার প্রমাণ মিলছে দেশব্যাপী ১১ দলের সমাবেশে জনতার ব্যাপক অংশগ্রহণে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লোভ ও চাপের কারণে অনেক মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষকে দুর্নীতির পথে ঠেলে দেওয়া হবে না; বরং সম্মানের সঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে।

নারীদের অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। নারীদের দিকে জালিম চোখ তুলে তাকানোর সাহস কেউ পাবে না।
 
চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মহানন্দা নদীকে বোঝা নয়, সম্পদে পরিণত করা হবে। নদীকে তার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি আম, লিচুসহ কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে এই অঞ্চলকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।
 
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ পুরোনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাতে হবে। ভোটের আমানত দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা আগামী পাঁচ বছর আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কাজ করে যাব।
 
সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলার জামায়াত ও সমমনা ১১ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসমাগম ও স্লোগানে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

Shamiur Rahman

Please share your comment:

Related