নিজস্ব প্রতিবেদক
Published:2026-04-25 22:09:29 BdST
নয়াপল্টনে ডা: কুদ্দুসের জানাজা সম্পন্ন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়া পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে।
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা ও শিশু, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে বলেন, তার অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
ডা. আব্দুল কুদ্দুস দীর্ঘদিন নিউরোসাইন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২৬ মিনিটে ইন্তেকাল করেন।
রবিবার (২৬ এপ্রিল) জোহরের নামাজের পর ময়মনসিংহের গফরগাঁও পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ডা. আব্দুল কুদ্দুসের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পেশাগতভাবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও প্রাক্তন ডেপুটি সুপারেনডেন্ট ছিলেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
