April 15, 2026, 1:50 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-04-14 21:42:00 BdST

‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী


কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝিনাইদহে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই উপলক্ষে শৈলকুপা উপজেলার কৃপালপুর কলুরভিটা মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এই অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের ১ হাজার ৫৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.