May 28, 2026, 9:39 pm


সামিউর রহমান

Published:
2026-05-28 09:06:26 BdST

দুপুর ২টা থেকে ডিএনসিসির বর্জ্য অপসারণ শুরু


ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে গুলশানে নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাসমূহে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, ঈদের আগে পশুর হাট, নাগরিক সেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সিটি করপোরেশনের সকল কর্মকর্তা কাজ করে যাচ্ছে। ডিএনসিসির বিদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব।

সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, উৎসব চলাকালীন নির্বিঘ্নে বর্জ্য নিষ্কাশন নিশ্চিত করতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, প্রকৌশল এবং সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগকে সম্পৃক্ত করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন থেকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রায় ৬,৫০০ পরিচ্ছন্নতাকর্মী, ৪,৫০০ বর্জ্য সংগ্রাহক এবং প্রায় ৫,৫০০ স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবকরা ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন এবং কোথাও কোন সমস্যা হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, অতিবৃষ্টিজনিত সাময়িক জলজট দ্রুত নিরসনে কুইক রেসপন্স টিম ও ড্রেনেজ টিম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বর্জ্য নিষ্কাশন কার্যক্রমে ডিএনসিসি কর্তৃপক্ষ ১৬ লক্ষ ৩০ হাজার পলিথিন ব্যাগ বিতরণ করেছে। এছাড়া, ৩,৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল ও ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন সরবরাহ করা হয়েছে, যাতে কোরবানির পর দ্রুত জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।

জনসচেতনতা বৃদ্ধিতে নগরজুড়ে মাইকিং, ডিজিটাল বিলবোর্ডে প্রচারণা, ৫০ হাজার লিফলেট বিতরণ ও মোবাইল এসএমএস ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মসজিদের ইমামদের মাধ্যমে জুমার খুতবায় পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রমও চালানো হচ্ছে।

ডিএনসিসির প্রশাসক বলেন, বর্জ্য অপসারণ অভিযানে ট্রাক, ডাম্পার, পেলোডার এবং ওয়াটার ট্যাঙ্কারসহ মোট ৭৫২টি যানবাহন ও ভারী সরঞ্জাম মোতায়েন করা হবে। এর মধ্যে ৪০৫টি ভাড়া করা যানবাহন, ২৬১টি ডিএনসিসি-র নিজস্ব এবং ৮৬টি ব্যক্তিগতভাবে পরিচালিত যানবাহন রয়েছে।

তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও ডাম্পিং কার্যক্রম নির্বিঘ্ন করতে আমিনবাজার ল্যান্ডফিলে নতুন সংযোগ সড়ক, প্ল্যাটফর্ম ও ট্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। এছাড়াও, ডিজিটাল ওয়েব্রিজের মাধ্যমে রিয়েল-টাইম ট্রিপ মনিটরিং ব্যবস্থাও চালু রাখা হয়েছে, যাতে বর্জ্যবাহী গাড়ির কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা যায়।

উল্লেখ্য, গত বছর ঈদুল আজহায় ডিএনসিসি ২০,৮৮৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছিল, যার মধ্যে শুধু ঈদের দিনই ছিল ১০,৬১৬ টন। এই বছরও একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.