March 12, 2026, 3:17 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-03-12 13:52:20 BdST

ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম বন্ধ


জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার পর সব তেল বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরাক। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রেখেছে দেশটি।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েল পত্রিকার প্রতিবেদনের বলা হয়, স্থনীয় সময় বৃহস্পতিবার ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি ‘আল-ইরাকিয়া নিউজ’কে এ তথ্য নিশ্চিত করেন।

মূলত ইরাকের বসরা প্রদেশের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হওয়ার পর এ ঘোষণা আসে। 

এদিকে ওই হামলায় আরও ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।

এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

আল-ফারতুসি বলেন, ‘একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার কাজ চলার সময় সেটি হামলার শিকার হয়।’

তিনি জানান, আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল। জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে। তবে এটি সরাসরি হামলা নাকি দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের (সুইসাইড বোট) মাধ্যমে ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আল-ফারতুসি জানান, আক্রান্ত হওয়ার সময় ট্যাংকারগুলো ইরাকি উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.