February 19, 2026, 3:31 am


কূটনৈতিক প্রতিবেদক

Published:
2026-02-19 00:45:15 BdST

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় ড. মুহাম্মদ ইউনূসের প্রতি এই ধন্যবাদ জ্ঞাপন করে ইইউ। একইসঙ্গে উক্ত বার্তায় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অভিনন্দন জানানো হয়।

উক্ত বার্তায় বলা হয়- ইইউ বাংলাদেশের অবিচল অংশীদার, বৃহত্তম রপ্তানি বাজার এবং ২০২৫ সালে এফডিআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। অনেক কিছু নিয়ে আলোচনা ও সম্পৃক্ততা নিয়ে আমরা আমাদের অংশীদারিত্বকে আরও নিবিড় করার অপেক্ষায় রয়েছি।

এর আগে, সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পর্যবেক্ষক আলেঙ্কা সার্নে ও মার্টিন সেরবেজ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের মিশনের পর্যবেক্ষকরা বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ এবং ভোটগণনা কার্যক্রম পরিচালনা করেছেন। পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে রাজনৈতিক দলের এজেন্টদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা জোরদার করেছে।

তারা আরও বলেন, ২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ঐতিহাসিক লড়াইটি ছিল প্রকৃত অর্থেই প্রতিযোগিতামূলক, যেখানে মৌলিক স্বাধীনতাকে সম্মান করা হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.