সামিউর রহমান লিপু
Published:2026-02-20 02:04:02 BdST
বায়রার সাবেক সভাপতি আবুল বাশারের ইন্তেকাল
ফেনী জেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর সাবেক সভাপতি মো: আবুল বাশার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘ দুই বছর দেশ-বিদেশের বিশেষায়িত হাসপাতালে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বুধবার বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।
সেখানে রাত সাড়ে ১১টায় নিজ বাড়ির প্রাঙ্গণে আবুল বাশারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে পিতা আলহাজ্ব আমিন উল্যাহর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
এখানে জানাজাপূর্ব বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময়'র সম্পাদক মোহান্মদ শাহাদাত হোসেন, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান স্বপন, মাতুভূঞা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঈন উদ্দিন খাজু, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট এম. শাহজাহান সাজু, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহান্মদ হোসেন সোহেল, দাগনভূঞার ব্যবসায়ী মোজাম্মেল হক মিন্টু, আবুল বাশারের একমাত্র ছেলে ইশতিয়াক হোসেন সৈকত প্রমুখ।
আবুল বাশার ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর এই অকাল মৃত্যুতে বায়রার সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বায়রার সাবেক শীর্ষ নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল ও ফোরাব মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন আবুল বাশারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করেছেন।
বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক বর্তমান দিন, সাপ্তাহিকী 'দ্য ইনভেস্টর' এবং অনলাইন নিউজ পোর্টাল 'দ্য ফিন্যান্স টুডে'র সম্পাদক ও প্রকাশক মো: মতিউর রহমান মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বর্ণাঢ্য কর্মময় জীবন
মো. আবুল বাশার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজে (বায়রা) ৩ মেয়াদে (২০১০-২০১২, ২০১৪-২০১৬ এবং ২০২২-২০২৪) মোট ছয় বছর সভাপতির দায়িত্ব পালন করেন।
আবুল বাশার মেসার্স সরকার রিক্রুটিং এজেন্সি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে বিশ্বের বহু রাষ্ট্রের সাথে ব্যবসা পরিচালনা করেছেন। তার এই প্রতিষ্ঠান বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও, তিনি বাশার স্পিনিং মিলস সহ অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।
শিক্ষা ও সমাজসেবা ক্ষেত্রেও তার অবদান সমাদৃত। নিজ গ্রামে বাবার নামে তিনি আমিন উল্যাহ ইসলামিয়া মাদ্রাসা, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দান-অনুদানমূলক কাজেও তিনি নিবেদিত ছিলেন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ছিলো মো: আবুল বাশারের দৃঢ় পদচারণা। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে, আবুল বাশার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগ থেকে এমপি পদে প্রার্থী হয়েছিলেন। সর্বশেষ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম উপ-কমিটির সদস্য ছিলেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
