February 21, 2026, 1:24 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-20 22:37:25 BdST

গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গনপুর্ত মন্ত্রী


গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি ও অপব্যয় হবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

শুক্রবার নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই কথা বলেন।

বিগত সরকারের প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, ‘আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তাঁকে ধন্যবাদ। তিনি যেদিনই ‘লিডার অব দ্য হাউস’ নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন, আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে। অন্তত এই কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব। ’

তিনি বলেন, ‘মাত্র দুই দিন হয়েছে, আমরা সরকারে বসেছি। এখন মূল্যায়ন হবে কোন প্রকল্পগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারই নেই। আমরা চেষ্টা করব যেন কোনো অপব্যয় না হয়। ’

উল্লেখ্য, জাকারিয়া তাহের কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

নির্বাচিত হওয়ার পর আজ নিজ এলাকায় গেলে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.