February 24, 2026, 10:57 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-02-24 21:03:47 BdST

পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে ‘ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এবং মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর সাথে সচিবালয়ে তাঁদের নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকাস্থ ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি’-এর নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে পৃথক পৃথকভাবে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের আগামী দিনের সকল ইতিবাচক পদক্ষেপে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা'র সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক।

এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান ও মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির এই সৌজন্যের জন্য ধন্যবাদ জানান।

তাঁরা বলেন, “পার্বত্য চট্টগ্রামে কোনো বিভেদ বা ভেদাভেদ নয়, বরং আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পাহাড়ে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তাঁরা আরও যোগ করেন যে, পাহাড়ের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সরকারের পাশাপাশি ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির মতো সংগঠনগুলোর গঠনমূলক পরামর্শ ও ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.