February 26, 2026, 3:28 am


সামিউর রহমান লিপু

Published:
2026-02-26 00:55:12 BdST

৭ দিনের ব্যবধানে দ্বিতীয় আঘাত ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ


এক সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।

ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

জনশ্রুতি আছে যে, বড় আকারের ভূমিকম্প আসছে আমাদের দেশে। এই সতর্কবাণী অনেক বছর ধরেই দেওয়া হচ্ছে। কিন্তু রাষ্ট্রের প্রস্তুতি কি আছে এই দুর্যোগ প্রতিরোধের জন্য?

প্রতিটি মুহুর্তে এমন অনিশ্চিত জীবনযাপনের ফলে বিপন্নতা গ্রাস করেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জনপদের অসংখ্য মানুষের। অনেক ঢাকাবাসী আতংকিত হয়ে রাজধানী ছেড়ে গ্রামাঞ্চলে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছেন।

এর আগে, সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদফতরের অফিস থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.