March 2, 2026, 7:28 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-03-02 17:33:28 BdST

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী টুকু


কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।

সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর ক্রিস্টাল বলরুমে আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

কর্মশালার আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নারীদের জন্য সুযোগ সৃষ্টি করা গেলে তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম। তাদের সেই সামর্থ্য ও যোগ্যতা রয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাত প্রোটিনসমৃদ্ধ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষি কার্ড বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অর্থনৈতিক স্বস্তি পাবেন।

সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষাও সম্ভব হবে।

বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে সুন্দর বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.