March 12, 2026, 4:59 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-03-12 14:34:45 BdST

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এনডিপি


ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাঁদের নির্বাচিত হওয়াকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

আজ এনডিপির পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় দলটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তাঁরা বলেন, নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার তাঁদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে জাতীয় সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করবেন—এমন প্রত্যাশা জাতির।

তারা আরও বলেন, সংসদের কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষতা, দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দেবেন। তাঁদের নেতৃত্বে মহান জাতীয় সংসদ এমনভাবে পরিচালিত হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের অবদান স্মরণ করে।

এনডিপির পক্ষ থেকে আরও বলা হয়, মহান স্বাধীনতার চেতনা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ব্যক্তিত্বকে স্পিকার হিসেবে নির্বাচিত করা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতৃবৃন্দ।

তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকার ও জাতীয় সংসদের মধ্যে সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদ জনগণের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এনডিপির পক্ষ থেকে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালনা কামনা করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.