April 13, 2026, 1:53 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-04-13 12:21:29 BdST

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৭


রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৩ এপ্রিল) সকালে এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে এই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মঈন ছাড়া গ্রেফতার হওয়া বাকি আসামিরা হলেন: সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।

সম্প্রতি, মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।

শনিবার (১১ এপ্রির) রাতে সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) কে প্রধান আসামি করে এবং অজ্ঞাতপরিচয় সাত থেকে আট জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় তিনি এই মামলা দায়ের করেছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের শেরে বাংলা নগর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আক্কাস আলী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা দাবি করে আসছে। দাবি করা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানার শ্যামলী ৩ নম্বর রোডে আমার বাসার সামনে এসে দরজা খুলতে বলে। আমার স্ত্রী দরজা খুলে দিলে মঈন আমার স্ত্রীকে বলে, চাঁদাবাবদ এখনই তাদের ৫ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে আমিসহ আমার স্ত্রীর বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেয়। আমার স্ত্রী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা উচ্ছৃঙ্খল আচরণ করে। এ সময় আমি বাসার অন্য একটি রুমে অবস্থান করি এবং পরিস্থিতির অবনতি আশঙ্কা করে হাসপাতালে অবস্থানরত আমার ছোট ভাই মো. মনির তালুকদারকে (৩৫) বাসায় আসতে ফোন করি। পরে আমার ভাই বাসায় পৌঁছালে মঈনসহ অজ্ঞাত সাত-আট জন ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরও লোকজন জড়ো করতে থাকে। এক পর্যায়ে তারা প্রায় ৫০ থেকে ৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান দেয়, গালাগালি করে এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়।

আরও উল্লেখ করা হয়, এমনকি তারা সিকেডি হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে উদ্দেশ হুমকিসূচক স্লোগান দিতে থাকে। এছাড়া তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং পুরো ঘটনাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মেডিক্যালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এর ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ওই ঘটনার বিষয়ে আমি শেরেবাংলা নগর থানা-পুলিশকে খবর দিলে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই কথিত নেতা। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে।

এদিকে, অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। অভিযুক্ত মঈন উদ্দিন নিজেকে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলেন, যুবদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। ডাক্তার কামরুলকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তারা।

হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.