February 19, 2026, 9:16 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-19 19:09:04 BdST

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান


দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক মো. রমজানুল হক নিহাদ তাকে পত্রিকার নতুন দায়িত্বে নিযুক্ত করে নিয়োগপত্র প্রদান করেন।

এসময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।

পরে বিকালে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শায়রুল কবির খান। এসময় সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

শায়রুল কবির খানের শৈশবে শিক্ষার হাতেখড়ি হয় ‘স্বল্প শুনই’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে; কৃতিত্বের সঙ্গে বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করেছেন।

মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া শায়রুল কবির খানের বাবা আব্দুর রহিম খান। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি ঐতিহাসিক গ্রামে তাদের বসবাস। মুঘল সেনাপতি ঈসা খাঁর বংশোদ্ভূত আছালত খাঁর নবম বংশধর তারা।

নেত্রকোনার আবু আব্বাস কলেজ থেকে পড়াশোনা করে দৈনিক দিনকালের প্রথমে আটপাড়া, পরে নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন শায়রুল কবির। সাংবাদিকতায় তৃণমূলচর্চার পাশাপাশি সংগঠনেও তিনি ছিলেন সমান মনোযোগী। এছাড়া, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করেছেন নিবিড়ভাবে।

সরাসরি বিএনপির গুরুত্বপূর্ণ সেল, চেয়ারম্যানের মিডিয়া উইং ও চেয়ারম্যানের মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন শায়রুল কবির খান। পাশাপাশি দৈনিক, অনলাইন গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ, চিন্তা-ভাবনার প্রকাশ ঘটিয়েছেন সক্রিয়ভাবে।

বিএনপির সবচেয়ে সক্রিয় সেলগুলোর অন্যতম মিডিয়া সেল। ২০০৭ সাল থেকে বিএনপি চেয়ারপারসন প্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন শায়রুল কবির খান। দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রথম বিএনপি মিডিয়া সেল’ গঠন করার সময় সদস্য হিসেবে তাকে নিযুক্ত করেন।

গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তার পরিচিতি রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ওপর তার পরিকল্পনা ও পরিচালনায় একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার মোড়ক উন্মোচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। তথ্যচিত্রটি পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনেও প্রচারিত হয়।

এদিকে, নিয়মিত লেখালেখি, গান, গবেষণার পাশাপাশি আবারও সক্রিয় সাংবাদিকতায় ফিরলেন শায়রুল কবির খান। নতুন দায়িত্ব প্রসঙ্গে তার ভাষ্য, “আমি লেখালেখি; দলের ও দেশের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গেই বেশি মনোযোগী থাকতে চাই।”

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.