April 11, 2026, 8:09 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-04-11 18:38:18 BdST

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে প্রস্তুতিকৃষকের উন্নয়নে কৃষি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপঃ প্রতিমন্ত্রী টুকু


আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে সাজসাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এটি দেশে তাঁর দ্বিতীয় জেলা সফর এবং টাঙ্গাইলে প্রথম আগমন।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখতে যান টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল আগমনকে কেন্দ্র করে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।

প্রধানমন্ত্রী টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির ঐতিহাসিক উদ্বোধন করবেন। সেখানে তিনি এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়াম মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় টাঙ্গাইলবাসী বলেন, আমাদের সদরের এমপি, মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আমাদের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগ ও প্রচেষ্টায় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। টুকু টাঙ্গাইলকে উন্নয়নের মডেল শহর হিসেবে গড়ে তুলবেন।

তারা আরও বলেন, বিগত সরকারের আমলে টাঙ্গাইলে তেমন কোন উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সুলতান সালাউদ্দিন টুকু মাত্র দুই মাসে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন। কিশোর গ্যাং নির্মুল সহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।

আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান "টাঙ্গাইল সিটি কর্পোরেশন" এর ঘোষণা করবেন বলে সর্বস্তরের মানুষের প্রত্যাশা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.