May 3, 2026, 9:49 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-05-03 20:55:25 BdST

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদিপশু মজুদ রয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা পূরণে দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদিপশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

তিনি বলেন, দেশের স্থানীয় খামারিরাই এ চাহিদা পূরণে সক্ষম। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

শনিবার (০২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীতীর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, দেশের নদ-নদী, খাল-বিল আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনকভাবে অনেক নদী আজ ভরাট ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নদীসহ অন্যান্য নদীর বর্তমান অবস্থা উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নদীতে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে কৃষিকাজ সহজ হবে এবং মৎস্য সম্পদও বৃদ্ধি পাবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। অতীতে নদী থেকে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে।

নদী পুনর্খননের পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, হাঁটার পথ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলেও ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নদীতে শিল্পকারখানার বর্জ্য যেন না পড়ে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদী পুনর্খনন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি তদারকি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ সহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা।

তিনি বলেন, নদী পুনর্খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং কেউ অবৈধভাবে নদী দখল করে থাকলে প্রশাসনের মাধ্যমে তা উচ্ছেদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.