March 4, 2026, 8:15 am


শাহীন আবদুল বারী

Published:
2026-03-04 05:55:16 BdST

প্রতিমন্ত্রী হয়েও টাঙ্গাইলবাসীকে ভুলে যাননি টুকু


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদরবাসীকে কথা দিয়ে বলেছিলেন, "আমি এমপি হলে আপনাদের পাশে থাকবো। এর ব্যতয় ঘটলে আমি আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবো।" মহান আল্লাহ পাকের অশেষ রহমতে গত ১২ই ফেব্রুয়ারী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন টাঙ্গাইলের এই কৃতি সন্তান, সদরবাসীর অহংকার, নম্র ও বিনয়ী নেতা এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এরপর ১৭ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন জননন্দিত নেতা সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী হয়ে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল কাজে। আপাদমস্তক বিনয়ী এই নেতা ভুলে যাননি টাঙ্গাইল সদরবাসীকে। রুটিন মোতাবেক সপ্তাহে দুই দিন নিজের আসনের উন্নয়নমূলক কাজ এবং সতীর্থদের সাথে দেখা করে খোঁজ খবর নিচ্ছেন। নির্বাচনের আগে যেসব অপশক্তি টুকুর বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করেছিল, তারাও এখন চুপসে গেছেন। দলমত নির্বিশেষে সুলতান সালাউদ্দিন টুকুই এখন টাঙ্গাইলের মানুষের অভিভাবক।

টুকু এমপি হবার পর টাঙ্গাইলে বিএনপির রাজনীতিতে ত্যাগী এবং নিষ্ক্রিয় নেতাদের মধ্যেও আশার বাণী জেগেছে। তাঁরা নতুন করে স্বপ্ন দেখছেন, তাদের নেতার বিচক্ষণতায় টাঙ্গাইল জেলা বিএনপির ভঙ্গুর রাজনীতিতে সঠিক ও স্বচ্ছলতা ফিরে আসবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলে কার্যালয়বিহীন বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্থায়ী অফিস করা হবে। সুলতান সালাউদ্দিন টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য টাঙ্গাইলে উন্নয়ন সহ রাজনৈতিক সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

অতি সম্প্রতি টাঙ্গাইল জেলা জুড়ে মহিলা সংরক্ষিত আসনের এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ বেশ কিছু পদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে আলোচনার। যে যেভাবে পারছেন, প্রত্যেকেই নিজের অবস্থান জানান দিচ্ছেন। দৌড়ঝাপও শুরু করেছেন নেতা-নেত্রীরা। কিন্তু সদরবাসীর একটাই দাবি, জাতীয় সংসদ নির্বাচনের মত এসব নির্বাচনেও যেন নিঃস্বার্থ রাজনৈতিক ব্যক্তিরা জায়গা পান।

কারণ হিসেবে ত্যাগী নেতাকর্মীরা বলেন, দলীয় স্বার্থ কায়েম না করে, নিজেদের মহৎ স্বার্থ হাসিলে টাঙ্গাইল জেলা বিএনপি ছিলো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ভর। তিন বছরের অধিক সময় ধরে জেলা বিএনপির কোন কমিটি গঠন করা হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতাকর্মীদের দুঃসময়ে বা বিপদে পাশে দাঁড়ানোর কোনও নজির নেই।

অভিভাবকহীন টাঙ্গাইল জেলা বিএনপির যখন করুণ দশা, ঠিক তখনই দলের হাল ধরেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি এমপি হবার পর প্রতিমন্ত্রী হয়েছেন। এখন সুবিধাভোগীরা টুকুর পেছনে ঘুরঘুর করছেন। ত্যাগীরা মনে করেন, সময় এসেছে তাদেরকে চিহ্নিত করে দলকে শক্তিশালী করতে হবে।

ভুক্তভোগীদের অভিমত, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর আসনে দুই লাখ ভোট পাওয়ার কথা ছিলো। সেখানে তিনি এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। অনেক বড় নেতারা নিজের পদ-পদবি টিকিয়ে রাখতে টুকুকে সমর্থন দিয়েছেন। ভেতরে ভেতরে তারা অন্য প্রার্থীদের পক্ষে সোচ্চার ছিলেন। ওই সব নেতারা এখন বিভিন্ন মঞ্চে উপবিষ্ট হয়ে বড় বড় বুলি ছাড়ছেন। যা মানুষের হাসির খোরাকে পরিণত হয়েছে।

পবিত্র মাহে রমজানে টাঙ্গাইল সদরের ১৮টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম বিএনপির নেতাকর্মীদের প্রকাশ্যে ইফতার করার সুযোগ সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন প্রতিটি গ্রামে-গঞ্জে ঈদের আমেজ বইছে। এসবই সম্ভব হয়েছে তাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক প্রচেষ্টায়। তারা নেতাকে কাছে পেয়ে খুবই খুশি ও অভিভুত।

একজন কৃষকের ভাষ্য হচ্ছে, তার সুদসহ দশ হাজার টাকা ঋণ মওকুফ হয়েছে। তিনি বলেন, যারা টুকুকে ধানের শীষে ভোট দেননি, তারাও সরকারের এই সুযোগ গ্রহণ করেছে।

জানতে চাওয়া হলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল সদরের একটি বৃহৎ অংশ চরাঞ্চল। চর এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তিনি জানান, চরের অনেক পতিত জমি রয়েছে। এসব জমি চাষাবাদের আওতায় আনা গেলে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন, পাশাপাশি আশেপাশের জেলাগুলোতেও খাদ্য সরবরাহ বৃদ্ধি পাবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমরা উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টুকু আরও বলেন, এই প্রথম চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। কৃষকরা যেন সঠিকভাবে সার পায়, সেজন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না। প্রান্তিক কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকার ভবিষ্যতেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, রমজান মাসে সারাদেশের জেলা পর্যায়ে দশ লাখ পরিবারের মাঝে নাজমুল্যে ডিম,দুধ ও মাংস সরবরাহ করা হচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা হচ্ছে। প্রতিটি জেলায় প্রচলিত বাজারের চেয়ে কম মুল্যে নির্ধারিত দামে প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগীর মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। টাঙ্গাইল জেলার হতদরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই সুযোগ পেয়ে খুবই আনন্দিত।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই প্রতিবেদককে বলেন, বিএনপি টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টি আসন পেয়েছে। প্রধানমন্ত্রী টাঙ্গাইলের উন্নয়নমূলক কাজের জন্য সদয় রয়েছেন। পর্যায়ক্রমে আমার নির্বাচনী প্রতিশ্রুতির প্রত্যেকটিই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এছাড়া ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে। এখানে কোনও সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদকের আস্তানা থাকবে না। টাঙ্গাইল হবে একটি আধুনিক শহর।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.