সামিউর রহমান লিপু
Published:2026-04-27 02:35:08 BdST
৭ জেলায় বজ্রপাত ট্র্যাজেডি: ৫টি গরু, ২টি মহিষ ও একটি ঘোড়ার মৃত্যুস্বস্তির বৃষ্টিতেও ১৪ জনের প্রাণহানি
বজ্রপাতে সারাদেশের ৭ জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভয়ংকর এই বজ্রপাতে ৫টি গরু, ২টি মহিষ ও একটি ঘোড়াও মারা গেছে।
গাইবান্ধায় নিহত ৫
গাইবান্ধার তিন উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। এসময় একটি গরু ও একটি ঘোড়াও মারা গেছে।
রবিবার বিকেলে সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক এসব ঘটনা ঘটে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে।
সুন্দরগঞ্জে নিহতরা হলেন মোজাহিদ চৌধুরী ছোটনের ছেলে রাফি (১০), নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (১৭), সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজার ছেলে ফুয়াদ হাসান (২৪)। এর মধ্যে মিজানুর রহমান এসএসসি পরীক্ষার্থী। আহত হয়েছেন শামীম আহম্মেদ (১৬)। তিনি একই এলাকার আবদুল হাই মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণসহ এক যুবক ও শিশুটি বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। এই ঘটনায় শামীম আহমেদ আহত হন। আহত শামীমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধোপাডাংগায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।
সাঘাটা উপজেলায় নিহতরা হলেন উপজেলার হলদিয়া ইউনিয়নের দেলুয়াবাড়ী চরের শুক্কুর আলীর ছেলে মানিক মিয়া (৩৫) এবং বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে নম্বর আলী (৬৫)।
স্থানীয়রা জানান, মানিক মিয়া যমুনা নদীর ঘাট থেকে ঘোড়ার গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার পরিবহনের ঘোড়াটি মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াক উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময়ে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ছাগল দেখতে গিয়ে বজ্রপাতে আহত হন নম্বর আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন।
এই ঘটনায় আবদুর রশিদ (১৮) নামে একজন আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে নিহত ২
ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সৈয়দপুর ও বিকালে কোষারানীগঞ্জ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হাকিম।
সিরাজগঞ্জে নিহত ২
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আবদুল হালিম শেখের ছেলে হাসান শেখ (৫০) ও তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের মৃত আবদুল গফুর আলীর ছেলে আবদুল হামিদ (৫০)।
জামালপুরে নিহত ২, আহত ৪
ভয়ংকর এই বজ্রপাতে জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলার দুই জনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন চারজন। এছাড়া দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় চারটি গরু ও দুইটি মহিষ মারা গেছে৷
নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চর যথার্থপুর এলাকার হবিবর আলীর ছেলে হাসমত আলী হাসু (৪৫) ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের রাজিব কুলির স্ত্রী মর্জিনা আক্তার (২১)।
বিকেল ৩টার দিকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চর যথার্থপুর এলাকায় নিহত হাসমত আলী হাসু ওই এলাকার হাবিবর রহমান মণ্ডলের ছেলে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জেলার মেলান্দহ উপজেলায় নিজ বাড়িতে রান্না করার সময় বজ্রপাতে মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়েছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ে নিহত ১
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আবদুস ছামাদের ছেলে। এই ঘটনায় মোস্তফা ও জমিরুল নামে আরও দুইজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ায় নিহত ১
বগুড়ার গাবতলী উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাটোরে নিহত ১
নাটোরের সিংড়ায় বজ্রপাতে মো. সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সম্রাট সিরাজগঞ্জে জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের মো. সাজা ফকিরের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
