শাহীন আবদুল বারী
Published:2026-02-01 12:33:52 BdST
টুকু এমপি হলে 'টাঙ্গাইল সিটি কর্পোরেশন' হবে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে টাঙ্গাইলবাসীর বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টুকুর গুরুত্বপূর্ণ ৭টি দাবিই আমলে নিয়েছেন। টুকুর দাবির মধ্যে অন্যতম হচ্ছে,বিএনপি ক্ষমতায় গেলে "টাঙ্গাইল সিটি কর্পোরেশন" করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে টাঙ্গাইল সদরের জনমানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকু এসব দাবি উপস্থাপন করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল সদরে প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটার রয়েছে। তাদের পক্ষ থেকে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরছেন। তিনি জানান, যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। একই সঙ্গে চরবাসীর প্রাণের দাবি হিসেবে মাহমুদনগর ও কাশিনগর এলাকায় দুটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারিকরণ করেছিলেন। টাঙ্গাইলবাসীর প্রত্যাশা অনুযায়ী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা জরুরি। পাশাপাশি ঢাকার নিকটবর্তী হলেও টাঙ্গাইল দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এখানে একটি শক্তিশালী ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় এটিকে সিটি করপোরেশনে উন্নীত করা সময়ের দাবি। একই সঙ্গে টাঙ্গাইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে টাঙ্গাইলবাসীর এসব ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলবাসীর উত্থাপিত সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। তারেক রহমান ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন।
তারেক রহমান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন ও গুম-খুনের শিকার হয়েছে। এখন সময় এসেছে দেশ পরিচালনায় প্রকৃত গণতন্ত্রকে ফিরিয়ে আনার। তাই ভুল করা যাবেনা। আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য ভোরবেলা থেকেই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে প্রতারণার চেষ্টা করছে। তাদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। নইলে দেশ আগের চেয়ে খারাপ অবস্থায় চলে যাবে।
তারেক রহমান টাঙ্গাইলের আটটি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের হাতে "ধানের শীষ প্রতীক " তুলে দিয়ে উপস্থিত জনতার কাছে পরিচয় করে দেন। এসময় লাখ লাখ জনতা শ্লোগান দেন, তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইল বাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আমার বাবা-মা সব সময় বলেছেন,দেশের বাইরে আমাদের কোন ঠিকানা নেই। আমিও সেট ধারাকে সামনে রেখে দেশবাসির সেবা করতে চাই। আপনারা ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
