March 9, 2026, 3:37 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-03-09 12:54:52 BdST

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম হামলা


ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার (৯ মার্চ) ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-র তথ্যমতে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৩০তম পর্যায়ের অংশ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে, যা নতুন নেতৃত্বের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ।

 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।

 

বিশেষ করে তেলআবিবের আকাশে ক্ষেপণাস্ত্রের আলো এবং ধোঁয়া দেখা যাওয়ার খবর পাওয়া গেছে, যা মোজতবা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনাকে এক চরম ও অভাবনীয় মাত্রায় পৌঁছে দিয়েছে।

 

এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা এবং বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হলেও মধ্যাঞ্চলীয় শহর রিশোন লেজিয়ন-এ একটি ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন। উল্লেখ্য যে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তাঁর পিতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর আইআরজিসি তাঁর প্রতি পূর্ণ আনুগত্য ঘোষণা করেছে এবং এই হামলার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে যে, নেতৃত্বের পরিবর্তন হলেও তাদের যুদ্ধংদেহী অবস্থানে কোনো শিথিলতা আসবে না। বর্তমান পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা এখন আগের চেয়ে অনেক বেশি ঘনীভূত হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.