February 13, 2026, 12:56 am


শাহীন আবদুল বারী

Published:
2026-02-12 19:52:09 BdST

নারী ভোটারদের মাঝে ভোট উৎসবটাঙ্গাইলে বিজয়ের দ্বারপ্রান্তে সুলতান সালাউদ্দিন টুকু


টাঙ্গাইলে ঈদের আমেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৭:৩০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪:৩০টা পর্যন্ত।

এই নির্বাচনকে কেন্দ্র করে জেলার ৮টি সংসদীয় আসনে জেলা জুড়ে এক হাজার ৬৩টি ভোট কেন্দ্রে ঈদের আমেজে ভোটের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই টাঙ্গাইলের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। এসময় পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রগুলোতে লম্বা লাইন লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটাদের উপস্থিতি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।

এর আগে, নির্বাচনকে কেন্দ্র করে ঈদের মতো টানা ৪ দিন সরকারি ছুটি পাওয়ার ঢাকা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়ি ফিরেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শহর ও গ্রামে এখন বিরাজ করছে ঈদের আমেজ। দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত।

বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বিগত সরকারের আমলে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে ভোট প্রদানের আশ্বাস দিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করেছেন।

টাঙ্গাইল-৫ (সদর) হুগড়া ইউনিয়নের হুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মানিকগঞ্জ থেকে আসা ব্যবসায়ী মাসুদ মিয়া স্বপরিবারে ভোট দিতে এসেছেন।

তিনি বলেন, ১৭ বছর ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়েছে। এবার আর মিস করিনি। সকাল সকাল কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসলাম। ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুশৃংখল।

এই কেন্দ্রে ভোট দিতে আসা করিম মিয়া জানান, অতীতে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত। শুনছি এবার নির্বাচন সুষ্ঠু হবে। দীর্ঘ লাইনে অপেক্ষা করে তাই ভোট দিয়ে আসলাম।

হুগড়া ইউনিয়নের হুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৯৭ জন এবং মহিলা ভোটার ১ হাজার ৯৪৬ জন।

এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৯৭ জন এবং মহিলা ভোটার ১ হাজার ৯৪৬ জন। এই কেন্দ্রে দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত ১ হাজার ২৯৭ ভোট কাস্ট হয়েছে। ৩৩.২৭ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই এই কেন্দ্রে নারী-পুরুষ দীর্ঘ লাইনে ভোট দিচ্ছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক জানান, টাঙ্গাইলে উৎসবমুখর প‌রিবেশে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমরা কাজ করে চলছি। আমাদের প্রত্যাশা ও আহ্বান কোন গুজবে কান দেবেন না।

জেলার ৮টি আসনের ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নির্বাচনে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ৬৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পু‌লিশ, র‌্যাব সহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত রয়েছে।

ভোটারদের মতে, টাঙ্গাইল-৫ আসন থেকে ধানের শীষের প্রার্থীর বিজয় হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই আসনে 'ধানের শীষ' প্রতীকের গণজোয়ার লক্ষ্য করা গেছে। বিশেষ করে শহরকেন্দ্রীক ভোটকেন্দ্র গুলোতে ধানের শীষে বেশি ভোট পড়ছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও চরাঞ্চলে ধানের শীষের বেশ জোরেশোরে রব উঠেছে। তবে দাড়িপাল্লা এবং হরিণ মার্কাও নিজেদের বিজয়ের ব্যাপারে দাবি করেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.