February 6, 2026, 1:46 am


শাহীন আবদুল বারী

Published:
2026-02-05 18:35:37 BdST

টাঙ্গাইলে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে কাকুয়া পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয়। এতে অংশ নেয় সিরাজগঞ্জ একাদশ ও যমুনা এক্সপ্রেস।

টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল–৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

কাকুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুন সরকার, কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা এবং সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গ্রামের ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে।

এসময় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, আগামীর টাঙ্গাইল হবে আধুনিক ও নিরাপদ টাঙ্গাইল। যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান থাকবে না। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.